শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে আলফাডাঙ্গায় জেলা প্রশাসকের সরকারি দপ্তর ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বৃহস্পতিবার দিনব্যাপী এ সফরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ভূমি অফিসসহ একাধিক সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

 

সফরকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম, সেবাপ্রদান ব্যবস্থা এবং জনসেবার মান পর্যালোচনা করেন। পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

 

এ সময় তিনি স্থানীয় পর্যায়ে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি, সেচ্ছাসেবীদের মাঝে উপকরণ বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগে অংশ নেন।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক সেবার মান উন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।