ফরিদপুরে ক্লু-লেস শিশু হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা: পুরস্কৃত হলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরে শিশু আইরিন আক্তার বিনা ওরফে কবিতা হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস পুরস্কৃত হয়েছেন। ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম-এর নিকট থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলা (নং-৮৪, জিআর নং-৩২৯/২৬) তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনী শিশু আইরিন আক্তার বিনা ওরফে কবিতা (৭) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে। এ ঘটনায় ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) ও নাছিমা বেগম (৪৫)-কে গ্রেফতার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ইসরাফিল মৃধা শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের জন্য একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে যায়। পরে ঘটনার পরিণতি আড়াল করার উদ্দেশ্যে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে। পরবর্তীতে মরদেহ গোপনের চেষ্টা করা হয় বলেও জানায় পুলিশ।
এছাড়া তদন্তে আরও জানা যায়, নাছিমা বেগম বিষয়টি জানার পর তার ছেলে শেখ আমিনসহ অন্যদের মাধ্যমে মরদেহটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে মরদেহ একটি প্লাস্টিকের ড্রামে করে বাখুন্ডা কমিউনিটি ক্লিনিকের পূর্ব পাশে রেললাইনসংলগ্ন কলাবাগানে ফেলে রাখা হয়।