সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জমি বিরোধে বড় ভাইয়ের হাতের কবজি বিচ্ছিন্নের অভিযোগ, ছোট ভাই পলাতক

ফরিদপুরে জমি বিরোধে বড় ভাইয়ের হাতের কবজি বিচ্ছিন্নের অভিযোগ, ছোট ভাই পলাতক

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছলেমান বিশ্বাসকে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

 

আহত ছলেমান বিশ্বাস (৫৫) কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের বড় ছেলে। অভিযুক্ত আমির আলী বিশ্বাস (৪৫) তার আপন ছোট ভাই। স্থানীয় সূত্র জানায়, পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন বাড়ির সামনের সড়কে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

 

এক পর্যায়ে আমির আলী বিশ্বাস ধারালো দা নিয়ে ছলেমান বিশ্বাসের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মরক্ষার চেষ্টা করলে ছলেমানের বাম হাতের কবজিতে কোপ লাগে এবং সেটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

 

স্থানীয়রা জানান, আহত অবস্থায় ছলেমান বিশ্বাসকে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

 

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসূল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।