ফরিদপুরে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

 

শেখ হাচান 

ফরিদপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে জেলা পর্যায়ের জাতীয় ইমাম সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, জেলা কার্যালয়, ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম।

 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমে ইমামদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, কুসংস্কার ও নানা ধরনের অপরাধ প্রতিরোধে ধর্মীয় নেতাদের সচেতনতামূলক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

 

সম্মেলনে ধর্মীয় শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়। এছাড়া স্থানীয় পর্যায়ে ইমামদের অংশগ্রহণে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম-ওলামা এবং জেলার বিভিন্ন এলাকার ইমামরা উপস্থিত ছিলেন।