সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জেলা পুলিশের কল্যাণ সভা, জুন মাসের শ্রেষ্ঠ ওসি মাহমুদুল হাসান

 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় জেলা পুলিশ লাইনসের শহীদ সালাম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সভায় পুলিশ সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা, কর্মদক্ষতার মূল্যায়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখা সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

 

সভায় জেলার বিভিন্ন ইউনিট ও থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাঁদের দাপ্তরিক ও ব্যক্তিগত নানা বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার এসব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি এবং দাপ্তরিক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

 

জুন মাসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দায়িত্ব পালনে দক্ষতার স্বীকৃতিস্বরূপ কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসানকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা দেওয়া হয়। পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর হাত থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।

 

এ ছাড়া অবসর-পূর্ব প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) গমনকারী কয়েকজন পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভার সমাপনী বক্তব্যে পুলিশ সুপার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং সেবার মানোন্নয়নে পেশাদারিত্ব, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।