নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর-মাগুরা মহাসড়কের করিমপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টা ৫ মিনিটে করিমপুর হোসেন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ফরিদপুর থেকে মাগুরাগামী আপন পরিবহনের একটি লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে উভয় বাস সড়কের ওপর আড়াআড়িভাবে আটকে পড়ে এবং মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে দুই বাসের একাধিক যাত্রী আহত হন।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরবর্তীতে রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
করিমপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুটি বাস বর্তমানে থানার হেফাজতে রয়েছে। আহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।