নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী থেকে জয় বিশ্বাস (২০) নামে এক ট্রাক্টরচালকের মরদেহ ও ট্রাক্টর উদ্ধার করা হয়েছে। কৃষিজমি চাষ করার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট এলাকার পদ্মা নদী থেকে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয় বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে। তিনি বালুরঘাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর মালিকানাধীন একটি ট্যাফে ট্রাক্টরের চালক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে ওই ট্রাক্টর দিয়ে নদীতীরবর্তী কৃষিজমিতে চাষাবাদ চলছিল। বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে পদ্মা নদীর পাড়সংলগ্ন একটি জমিতে চাষ করার সময় ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জয় বিশ্বাস চাপা পড়েন। রাতে ঘটনাস্থলে অন্য কেউ উপস্থিত না থাকায় দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন নদীতে ট্রাক্টরের একটি চাকা ডুবে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর বেলা ১১টার দিকে ট্রাক্টরচালক জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। ট্রাক্টরটি নদীর পাড়ে আংশিক তলিয়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম চলে আসা অথবা নদীর পাড়ের মাটি ধসে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।