শেখ হাচান:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কভার ভ্যানের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ডের উত্তর-পূর্ব পাশে মধ্য হাসমদিয়া এলাকায় ভাঙ্গা-মাওয়া সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোরাব মোল্লা (৭০) উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের বাসিন্দা। আহত বজলু মৃধা (৪৫) একই গ্রামের বাসিন্দা এবং তিনি অটোভ্যানটি চালাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তোরাব মোল্লাকে নিয়ে অটোভ্যানে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার ভ্যান অটোভ্যানটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে অটোভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে তোরাব মোল্লা ও চালক বজলু মৃধা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত বজলু মৃধাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে যান এবং নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে দুর্ঘটনাকবলিত অটোভ্যান ও কভার ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত কভার ভ্যানের চালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাটির কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।