সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মধুখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাসহাটিয়া রেলক্রসিংয়ের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (প্রায় ৪৫) মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে রেলক্রসিং থেকে প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার আগে ওই ব্যক্তিকে রেললাইনের ওপর বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর ট্রেনটি চলে গেলে স্থানীয় লোকজন রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন।

 

খবর পেয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করেন। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়।

 

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের পরিচয় নিশ্চিত করা এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব রেলওয়ে পুলিশ গ্রহণ করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।