শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মধুখালীতে ১৮৫ পিস ইয়াবাসহ আটক ১

 

নিজস্ব প্রতিবেদক:

 

ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১০। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধুপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম মো. সামাদ খান (৪১)। তার বাড়ি মধুখালী উপজেলার মধুপুর এলাকায়।

 

র‌্যাব-১০ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মধুপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সামাদ খানের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

 

র‌্যাবের দাবি, আটক সামাদ খান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মধুখালী থানায় দুটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

 

র‌্যাব-১০ আরও জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

 

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব। সংস্থাটি বলেছে, মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।