শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সালথায় ভাঙা সেতুর রেলিংয়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক:

 

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া ও মহিফলদিয়া গ্রামের সংযোগ সেতুর একপাশের রেলিং দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এই সেতুটি একটি বাঁকের মধ্যে অবস্থিত হওয়ায় সেখানে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ঝুঁকি নিয়েই সেতুটি ব্যবহার করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি দিয়ে সালথা সদর বাজার ও সাড়ুকদিয়া বাজার থেকে নকুলহাটি, পুটিয়া, জয়কালী ও আটঘর এলাকার মানুষ নিয়মিত যাতায়াত করেন। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চলাচল এখানে বেশি। কিন্তু সেতুর একপাশের রেলিং ভাঙা থাকায় যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে।

 

এলাকাবাসী জানান, সেতুটি বাঁকের মধ্যে হওয়ায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে। রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা কিংবা সতর্কতামূলক কোনো চিহ্ন না থাকায় ঝুঁকি আরও বাড়ে। ইতোমধ্যে সেখানে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

 

সাড়ুকদিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, সেতুর রেলিং সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

 

স্থানীয়দের দাবি, জনসাধারণের নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত সেতুর ভাঙা রেলিং মেরামত এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।