ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, আক্রান্ত বেড়ে ১১৮৫; মৃত্যু ১০
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর জেলায় চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাম রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৫ জনে। একই সময়ে হামজনিত কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু এবং টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগের ১১ মে ২০২৬ তারিখের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন করে ৪৯ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩১ জন। পুরোনো রোগীদেরসহ বর্তমানে হাসপাতালটিতে মোট ভর্তি আছেন ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে ২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট ৬৫৮ জন রোগী ছাড়পত্র নিয়েছেন।
অন্যদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। বর্তমানে পুরোনো রোগীদেরসহ সেখানে ভর্তি রয়েছেন ৩৯ জন। গত এক দিনে হাসপাতালটি থেকে ১৯ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ হাসপাতাল থেকে মোট ২৬৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে সালথা উপজেলায়, যেখানে নতুন করে ২২ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সদরপুরে ১৪ জন, আলফাডাঙ্গা ও ভাঙ্গায় ১২ জন করে, চরভদ্রাসনে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন আক্রান্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে বিভিন্ন প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।