নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের দুই হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।
আটক ব্যক্তির নাম মো. বজলুর রশিদ (৫৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার টালীপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া মাদক ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।