নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ২.২ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার কোতয়ালী থানার আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ সৈয়দ মো. আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই আজিজুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট ওজন ২ দশমিক ২ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মো. আশিক মোল্লা (২৭), পিতা ইদ্রিস মোল্লা, মাতা জাহানারা বেগম, ভাটি লক্ষীপুর সমাজকল্যাণ অফিসের পেছন এলাকার বাসিন্দা এবং লিটন ফকির (৫২), পিতা মৃত খোকা ফকির, মাতা মৃত সোনাই বেগম, ভাটি লক্ষীপুর বেরিবাঁধ সুইচগেট এলাকার বাসিন্দা। তারা উভয়েই ফরিদপুর কোতয়ালী থানার অধিবাসী।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।