ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা, সেবার মানোন্নয়নে নানা সিদ্ধান্ত নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শয্যাসংখ্যা বৃদ্ধি এবং রোগীদের জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি চৌধুরী নায়াব ইউসুফ।

 

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক কাজী ফারুক আহমেদ, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এম. আনিছুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. এহিয়াতুজ্জামানসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

 

এ ছাড়া জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

 

সভায় ফরিদপুর জেনারেল হাসপাতালকে বর্তমান ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রয়োজনীয়তা, চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর কার্যক্রম আরও কার্যকর করা, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ওষুধ সরবরাহ ব্যবস্থা জোরদার এবং জরুরি বিভাগের সেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় অংশগ্রহণকারীরা বলেন, হাসপাতালকে আরও কার্যকর, সেবামুখী ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে রোগীদের জন্য সহজলভ্য, সময়োপযোগী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।