ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, মর্গে পাঠানো হয়েছে মরদেহ
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর প্রায় ১টার দিকে ট্রমা সেন্টারের নিচতলায় অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন উপস্থিত লোকজন। বিষয়টি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যক্তিটিকে পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান চিকিৎসকরা।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে। এসআই নিরস্ত্র সেলিম হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।