ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর সদর এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং সবজি চাষে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এ উদ্যোগ কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে পর্যায়ক্রমে সবজি বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হবে। এর মাধ্যমে সবজি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন সক্ষমতা উন্নয়ন এবং কৃষি খাতে টেকসই উৎপাদন ব্যবস্থা জোরদার করার লক্ষ্য নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।