সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীরের গ্রেপ্তার নিয়ে পরীমনির এক শব্দের প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমে আলোচনা

 

আজকের জনকণ্ঠ বার্তা ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ-এর গ্রেপ্তারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশের পর রোববার (১৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংবাদভিত্তিক ফটোকার্ড শেয়ার করে তিনি শুধু লিখেছেন, “মজা”। তার এই এক শব্দের মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 

পরীমনি তার পোস্টে মন্তব্যটির কোনো ব্যাখ্যা দেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত ঘটনার প্রসঙ্গ টেনে বিষয়টির সঙ্গে তার প্রতিক্রিয়ার সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা করছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের তদন্ত চলমান রয়েছে।

 

বেনজীর আহমেদ ২০২৪ সালের ৪ মে দেশ ত্যাগ করেন। এরপর থেকে তিনি প্রকাশ্যে খুব কমই দেখা দিয়েছেন। তিনি ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।

 

বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর প্রকাশের পর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রতিক্রিয়া জানিয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির সংক্ষিপ্ত মন্তব্যটি বিশেষভাবে আলোচনায় এসেছে এবং তা নিয়ে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করতে দেখা যাচ্ছে নেটিজেনদের।