নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন বিশ্বাস (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তিনি রাজাপুর গ্রামের মো. লাখো বিশ্বাসের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি মাছের পুকুরের পাশে বিদ্যুৎ-সংযুক্ত জিআই (গ্যালভানাইজড আয়রন) তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে রাজাপুর এলাকার একটি মাছের পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মামুন বিশ্বাস জিআই তারে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাহিদ সিকদারের প্রায় আট বিঘা লিজ নেওয়া একটি পুকুরে বোয়ালমারী পৌরসভার আধারকোঠা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সরকার মাছ চাষ করে আসছিলেন। পুকুরের মাঝখানে আলো জ্বালানোর জন্য একটি বাঁশের সঙ্গে বিদ্যুতের সংযোগ দেওয়া হয় এবং বাঁশটি স্থির রাখতে জিআই তার ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে ওই তারে বিদ্যুতের সংযোগ থাকায় সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে স্থানীয়দের দাবি। ওই তারের সংস্পর্শেই মামুন বিশ্বাসের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।