শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫

 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচজন নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টা ১৫ মিনিটে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ভাঙ্গামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ যাত্রী রয়েছেন।

 

দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের মধ্যে এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়। আহত আরও দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

 

খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. মামুন হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্য এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে যায়।

 

পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।