সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে দুই কেজি গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাফিক পুলিশের নিয়মিত যানবাহন তল্লাশির সময় প্রায় দুই কেজি গাঁজাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহর সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের বাসিন্দা রানা খান (২৬)। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী পালিয়ে যায়।

 

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় নিয়মিত যানবাহন তল্লাশি চলাকালে তিন আরোহীসহ একটি মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করা হচ্ছিল। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালিয়ে গেলে কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে মোটরসাইকেল চালক রানা খানকে তল্লাশি করে তার কাছ থেকে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য্য অভিযানে অংশ নেন। উদ্ধারকৃত গাঁজাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ফরিদপুর ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. খুরশিদ আলম বলেন, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে সন্দেহজনক মোটরসাইকেলটি থামানো হয়। তল্লাশির এক পর্যায়ে রানা খানকে গাঁজাসহ আটক করা সম্ভব হয়। তিনি জানান, জেলা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশও মাদকবিরোধী কার্যক্রমে নিয়মিতভাবে কাজ করছে।

 

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় বলেন, উদ্ধারকৃত গাঁজাসহ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।