নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, ইভটিজিং, ধর্ষণ, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে জিয়া শিশু-কিশোর সংগঠন, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিয়া শিশু-কিশোর সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি জামাল আবু নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়সাল ইবনে মোস্তফা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শফিক উর রহমান মিয়া। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব ও এর সামাজিক পরিণতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, শহর বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জিয়া শিশু-কিশোর সংগঠনের জেলা শাখার প্রচার সম্পাদক কৃষিবিদ মো. মেহেদী হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম তোফাজ্জল হোসেন এবং ধর্মীয় শিক্ষক মাওলানা কবিরুল ইসলাম সিদ্দিকী।
এ সময় সংগঠনের সহ-সভাপতি সেলিম শাহরিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চর্চার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করা গেলে অপরাধপ্রবণতা কমিয়ে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভার শেষে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।