সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 

নিজস্ব প্রতিবেদক:

 

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায় সদর খাদ্য গুদামের সামনে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে এক ব্যক্তি ময়লার ভাগাড়ে পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র সংগ্রহ করতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে তিনি কাপড়ে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

মরদেহটি প্রথম দেখতে পাওয়া হাবিবুর রহমান জানান, প্রতিদিনের মতো তিনি সকালে ময়লার ভাগাড়ে জিনিসপত্র কুড়াতে যান। এ সময় একটি প্লাস্টিকের ব্যাগ খুলে ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করেন।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয় বাসিন্দারা নবজাতকের মরদেহ এভাবে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।

 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।