রাজবাড়ীতে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ৮টার দিকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নছিমনও জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, রাজবাড়ী থেকে ফরিদপুরগামী সড়কে সন্দেহভাজন একটি নছিমনে তল্লাশি চালিয়ে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা। অভিযানে মো. শাহিনুর মণ্ডল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত আরজেত মণ্ডলের ছেলে।
র্যাবের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ এক বিবৃতিতে জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলেও উল্লেখ করা হয়।