সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুশ্রম প্রতিরোধে আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর

 

নিজস্ব প্রতিবেদক 

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অংশীজনরা অংশ নেন। অনুষ্ঠানে শিশুশ্রম প্রতিরোধে আইন বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষার আওতায় আনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

 

আলোচনা সভায় বক্তব্য দেন শ্রম পরিদর্শক নুসরাত জাহান লিজা, শ্রম উপ-মহাপরিদর্শক সৌমেন বড়ুয়া এবং ফরিদপুর জেলা পুলিশের ক্রাইম অ্যান্ড অপস শাখার প্রতিনিধি মো. শামছুল আজম।

 

বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা শিশুদের বিদ্যালয়মুখী করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও অংশীজনরা শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।