শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

 

শেখ হাচান:

ফরিদপুরের সদরপুর উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. শহিদুল ইসলাম বাবুল। তিনি প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবনী উদ্যোগ ঘুরে দেখেন এবং তাদের কাজ সম্পর্কে খোঁজখবর নেন।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থাপিত বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণাগুলো পরিদর্শনের সময় প্রধান অতিথি তাদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের গবেষণামুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততা দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

 

পরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উদ্যোগ দর্শনার্থীদের আগ্রহ আকর্ষণ করে।