নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় এক শিক্ষার্থী কৃষি উদ্যোক্তার পেপে বাগানে আগাছানাশক বিষ প্রয়োগ করে শতাধিক গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
শুক্রবার (৮ মে) উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামের গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল)।

ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা আল আমিন শেখ জানান, বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে দুই একর জমিতে তিনি ১ হাজার ৬০০টি পেপে গাছের বাগান গড়ে তোলেন। নিয়মিত পরিচর্যার ফলে গাছে ফুল ও ফল আসতে শুরু করেছিল। শুক্রবার বিকেলে বাগানে গিয়ে তিনি দেখতে পান, বেশ কিছু গাছে গ্লাইফোসেট বা চপন জাতীয় আগাছানাশক প্রয়োগ করা হয়েছে। এতে শতাধিক গাছ শুকিয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
তিনি বলেন, কে বা কারা শত্রুতাবশত এই কাজ করেছে বুঝতে পারছি না। বাগানটিতে আমার অনেক পরিশ্রম ও অর্থ বিনিয়োগ ছিল। এখন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।
স্থানীয় বাসিন্দারা জানান, আল আমিন পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে সফলতা অর্জন করেছেন। তার উদ্যোগ দেখে এলাকার অনেক তরুণ সবজি ও ফল চাষে আগ্রহী হয়েছেন। কয়েক বছর আগে লাউ চাষ করেও তিনি এলাকায় পরিচিতি পান। তার বাগানে এমন নাশকতার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগাছানাশক জাতীয় রাসায়নিক ব্যবহার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।