শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা ৭টার দিকে মনি মোল্যার সমর্থক রুহুল ফকির (২৭) এবং বিল্লাল মুন্সীর সমর্থক আহাদ মুন্সী (২৬)-এর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে। সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

 

খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করা হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

 

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।