সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযানে ইমরান শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবরদী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান ওই গ্রামের রব শেখের ছেলে।
অভিযান পরিচালনাকারী সালথা থানার উপ-পরিদর্শক (এ এসআই) মুকুল জানান, “ইমরান শেখের বিরুদ্ধে এর আগে থানায় মাদক মামলা ছিলো ।সে দীর্ঘদিন ধরে এলাকায় অত্যন্ত গোপনে ও সুকৌশলে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। আমরা দীর্ঘদিন ধরে তার ওপর কড়া নজরদারি (খোঁজ-খবর) রাখছিলাম। অবশেষে শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে আমরা তার বাড়িতে অভিযান চালাই এবং ৩৮ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।” তিনি আরও জানান, আজ শনিবার সকাল ১১টার দিকে আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং এলাকার পরিবেশ মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।