সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার

 

শেখ হাচান:

ফরিদপুরের সালথা উপজেলা-এ নিষিদ্ধ কার্যক্রম, নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত খাইরুজ্জামান বাবু মোল্যা (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাপুর ইউনিয়ন-এর নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া বাবু মোল্যা সালথা উপজেলা যুবলীগের সভাপতি এবং সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তিনি ওই ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি গোপনে এলাকায় আসা-যাওয়া শুরু করলে তার অবস্থান সম্পর্কে তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

 

সালথা থানা পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হবে। ঘটনায় এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।