আরিফুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথায় ১ নং রামকান্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ শিক্ষিত শাহিন মিয়া। শাহিন মিয়া রামকান্তপুর ইউনিয়নের সালথা গ্রামের মৃত আ: সালাম মিয়া ও বেগম চৌধুরী দম্পতির ছোট পুত্র। রামকান্তপুর ইউনিয়ন কে মাদক ও সুদ মুক্ত একটি আদর্শ ইউনিয়ন গঠনের নিমিত্তে এই ঘোষণা দেন তিনি।
শাহিন মিয়া ছোট বেলা থেকেই ডানপিটে স্বভাবের ছিলেন। সালথা থেকে প্রাথমিক পাঠ চুকিয়ে ফরিদপুর সদরের রনকাইল হাই স্কুল থেকে এস.এস.সি, ফরিদপুর সিটি কলেজ থেকে এইচ.এস.সি এবং সরকারি রাজেন্দ্র কলেজ থেকে বি.এস.এস. এবং এম.এ. শেষ করেন। লেখাপড়ার প্রতি অতি আগ্রহ থেকেই শাহিন মিয়া ফরিদপুর আইন কলেজ থেকে এল.এল.বি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ঢাকা থেকে এম.বি.এ ফরিদপুর সরকারি টিচার্স কলেজ থেকে বি.এড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এড ডিগ্রী লাভ করেন। শাহিন মিয়া তিন বিষয়ে মাস্টার্স করেন। শাহিন মিয়া বর্তমানে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আইন পেশায় কাজ করছেন।
শাহিন মিয়া ছোট বেলা থেকেই পরোপকারী ও সমাজসেবী। অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকেছেন সব সময়। করোনা কালিন মহামারীতে রামকান্তপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ সহ আপদকালীন সময়ে গোপনে ক্ষতিগ্রস্তের নগদ অর্থ সহায়তা করেছেন গোপনে। তার এই সামাজিক কর্মকান্ডে রামকান্তপুর ইউনিয়ন ছাপিয়ে উপজেলা ব্যাপী তার সুনাম ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, শাহিন মিয়া একজন উচ্চ শিক্ষিত ব্যাক্তি। তার পরিবারের সবাই উচ্চ শিক্ষিত। প্রতিবেশী সহ আশপাশের গ্রামের মানুষ কে বিভিন্নভাবে তিনি সাহায্য সহযোগিতা করেন। শাহিন মিয়ার মত একজন উচ্চ শিক্ষিত ব্যাক্তি সমাজ সেবায় এগিয়ে আসলে সমাজের অনেক ভালো হবে। একজন শিক্ষিত ব্যাক্তি সমাজের সম্পদ। শাহিন মিয়ার জন্য আমাদের দোয়া ও সমর্থন দুটোই থাকবে।
শাহিন মিয়া বলেন, রামকান্তপুর ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠীর কথা মাথায় রেখে আমি আমার সেবামূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। জনগনের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাচ্ছি। আমার কর্মজীবনের পাশাপাশি রামকান্তপুর ইউনিয়ন বাসির খোঁজ খবর নিচ্ছি নিয়মিত। মাদক, সন্ত্রাস, সুদ, দরিদ্র মুক্ত একটি আদর্শ ইউনিয়ন গঠনে সকলের দোয়া ও সমর্থন চাই। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন।