ফরিদপুরে যুবদল নেতা রাজীবের সমর্থনে উঠান বৈঠক

 

ফরিদপুর প্রতিনিধি:

 

আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা যুবদলের সভাপতি মো. রাজীব হোসেন রাজীবের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সেলিম শেখের বাড়িতে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বৈঠকে বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শেখ সোহেল,জেলা যুবদলের সম্পাদক তানজির বাবু, ফরিদপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম সরন, মো. বিল্লাল হোসেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সিনিয়র সহসভাপতি মামুন রহমান, জেলা যুবদলের সদস্য মো. আকমাল হোসেন এবং ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক মো. কোরবান আলীসহ অন্য নেতারা।

 

বক্তারা তাঁদের বক্তব্যে রাজীব হোসেন রাজীবের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তাঁকে প্রার্থী হিসেবে সমর্থনের কথা জানান।

 

বৈঠকের সমাপনী বক্তব্যে রাজীব হোসেন রাজীব তাঁর ছাত্রজীবনের রাজনৈতিক কর্মকাণ্ড, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম এবং গত ১৭ বছরে বিভিন্ন মামলা ও হামলার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

 

তিনি বলেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে গুরুত্ব দেবেন। পাশাপাশি নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

রাজীব হোসেন আরও বলেন, সমাজ থেকে মাদক ও চাঁদাবাজি দূর করতে সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা প্রয়োজন। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে তিনি উপস্থিত ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করার প্রত্যয়ের কথাও উল্লেখ করেন।

 

বক্তব্যে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে রাজীব বলেন, তিনি সদর উপজেলার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

নিজের বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে রাজীব হোসেন বলেন, “আমি নির্বাচিত হতে পারি কিংবা না পারি, আপনাদের সন্তান হয়ে আজীবন আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। জীবনে আমার আর কিছু চাওয়া-পাওয়া নেই। আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই।”

 

পরে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে উঠান বৈঠকটি শেষ হয়।